এইমাত্র পাওয়া

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির ১ (ক)-এ উল্লিখিত অনলাইনে প্রাথমিক আবেদন শুরুর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদনের কার্যক্রম শুরুর তারিখ পূর্বনির্ধারিত ছিল।

এ বিষয়ে অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, ‘চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুতই প্রাথমিক আবেদনের নতুন সময়সীমা নির্ধারণ করে জানানো হবে।’ তবে কী কারণে স্থগিত করা হয়েছে, সেটি পরিষ্কার করেননি তিনি।

এর আগে শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রবিবার থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর কথা জানানো হয়েছিল। প্রায় ১০ ঘণ্টা পর তা স্থগিতের কথা জানানো হলো।

 শিক্ষাবার্তা /এ/০ ৫/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.