মাদারীপুরঃ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হামিম খান (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হামিম খান সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে ও শহরের আমিন উদ্দিন হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে ব্যক্তিগত কাজে তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল হামিম খান। জাফরাবাদ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে তাল্লুক এলাকার আল আমিন বেপারী ও তার লোকজন হামিমের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে হামিমকে মোটরসাইকেল থেকে নামিয়ে প্রথমে থাপ্পড় দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়। হামিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান হামলাকারীরা।
পরে গুরুতর অবস্থায় হামিমকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে হামিমকে পাঠানো হয় রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে।
হামিমের চাচা শামীম খান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার ভাতিজাকে কুপিয়ে জখম করেছে আল আমিন বেপারী ও তার লোকজন। এর নেতৃত্ব দিয়েছে চুন্নু শিকদার। এ ঘটনার কঠিন বিচার চাই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে মামলা এজাহারভুক্ত করে নেয়া হবে আইনগত ব্যবস্থা। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার স্থানীয় কোন্দল থেকে এ হামলার ঘটনা ঘটেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
