নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজনৈতিক পটপরিবর্তনে এবার যথাসময়ে পাঠ্যবই ছাপার কাজ শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বছরের প্রথম দিনে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয় সরকার। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছিয়ে দিতে এনসিটিবির কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নৈমিত্তিক ও সাপ্তাহিক ছুটি বাতিল করেছে এনসিটিবি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা অফিস আদেশে সব ধরনের ছুটি বাতিলের এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের নিমিত্তে মনিটরিং কার্যক্রম চলমান। এটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ বিধায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নৈমিত্তিক ও সাপ্তাহিক ছুটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘আজকে এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিক বা অভ্যন্তরীণ নির্দেশনায় দুইমাস ধরে সব ছুটি বাতিল করা হয়েছে অনেকের। জাতির স্বার্থে আমরা ছুটি বিসর্জন দিয়েছি। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে সক্ষম হবো আমরা।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
