নিউজ ডেস্ক।।
গ্রামীণ টেলিকমের মানহানি ও নথিপত্র নষ্ট করার অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মহানগর হাকিম জিএম ফারহান ইশতিয়াকের আদালতে গতকাল গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম মামলার আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগ আমলে নিয়ে মিরপুরের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এফআইআর হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের মিরপুর-২ হেড অফিস থেকে আসা কর্মকর্তা-কর্মচারীসহ বেশ কয়েকজন মিরপুর-১ চিড়িয়াখানা রোডে গ্রামীণ টেলিকম অফিসে প্রবেশ করেন। কোম্পানির মানহানি ও সংরক্ষিত মূল্যবান নথিপত্র ও আসবাবপত্রের ক্ষতি করেন।
সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল মজিদ ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ ব্যাংকের উপমহাব্যবস্থাপক আবদুল কুদ্দুস, সহকারী মহাব্যবস্থাপক ফয়জুল হক, উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ ও কৃষ্ণ কান্ত রায়, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. প্রদীপ কুমার সাহা, গ্রামীণ ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন আর রশিদ, মো. তরিকুল ইসলাম, মো. গোলাম জাকারিয়া, প্রিন্সিপাল অফিসার গোবিন্দ সাহা, গবেষণা ও উন্নয়ন বিভাগের উপদেষ্টা এস আব্দুর রশিদ, মাসুদ আখতার অ্যান্ড অ্যাসোসিয়েটসের পরামর্শক ব্যারিস্টার মাসুদ আখতার, কনসালট্যান্ট জীম জোবায়েদ, লে. কর্নেল (অব.) জাহাংগীর হাসান, কর্নেল (অব.) রাশেদ আলী, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান ও নুরুজ্জামান মৃধা, সাবেক কর্মকর্তা মিজানুর রহমান ও গণসংযোগ কর্মকর্তা তানন খান।
এর আগে মিরপুর ২ নম্বরে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবন কর্মীদের ওপর হামলা ও জোরপূর্বক ভবন দখলের অভিযোগে গত ১০ নভেম্বর সাইফুল মজিদসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
