বাড়ছে শীতের প্রকোপ

নিজস্ব প্রতিবেদক।। দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে সারা দেশে শীতের প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে বিভিন্ন অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে শিগগিরই আবহাওয়ার এমন অবস্থা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়বে। গত ২৪ ঘণ্টায় দেশের তিন অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হয়েছে; যা তাপমাত্রা কমাতে সহায়তা করে। অন্যদিকে গতকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসেও শীত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া আজ থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় শিগগিরই উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

শিক্ষাবার্তা /এ/১১/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.