নিজস্ব প্রতিবেদক।। চলতি ডিসেম্বরেই পদোন্নতি পাচ্ছেন ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবরা। প্রশাসন বাদে ২৫ ক্যাডারের বঞ্চিত উপসচিবদের ডিসেম্বরের মধ্যে পদোন্নতি দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসন ক্যাডার ব্যতীত বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতি পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি।
ওবায়দুর রহমান বলেন, যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না| ১৯৪ জনের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে| যারা যোগ্য তাদের আমরা পদোন্নতি দেব। আমরা চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।
এর আগে গত গত ১৮ নভেম্বর এ মন্ত্রণালয়ের সাবেক এপিডি মো. আব্দুর রউফ জানিয়েছিলেন, বিষয়টা ইতিবাচকভাবে দেখার চেষ্টা করবে সরকার। যারা একটু বেশি সিনিয়র এবং যারা দেরিতে উপসচিব হয়েছেন তাদের আমরা আগে বিবেচনা করব। আমরা তাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। গত ১৫ বছরে যে কর্মকর্তারা নানাভাবে বঞ্চিত ছিলেন, তাদের পদোন্নতিও দেওয়া হচ্ছে।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমানকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় পরিকল্পা কমিশনের সদস্য করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
শিক্ষাবার্তা /এ/০৪/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
