ঢাবি উপাচার্য শহিদ আবু সাইদের কবর জিয়ারত করলেন

রংপুরঃ রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

গতকাল রবিবার (১ ডিসেম্বর) পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান তিনি। এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ঢাবি উপাচার্য বেরোবি স্বাধীনতা স্মারক মাঠে জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের স্মরণসভায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, ‘গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন স্বল্প সময়ে বড় ধরনের পরিবর্তন এনেছে। ছাত্রদের উপর বিশ্বাস রেখে আপামর জনগণ রাস্তায় নেমে আসায় এই বিপ্লবের সফলতা দ্রুত এসেছে। রাষ্ট্র সংস্কার যেমন জরুরি তেমনিভাবে এ বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা আহত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানো।’

নিয়াজ আহমেদ খান আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অভিজ্ঞতা আদান-প্রদানে আগামী দিনে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে বলে প্রত্যাশা রাখি।’

জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় আয়োজক কমিটির আহ্বায়ক ও বেরোবি ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামানিক, শহিদ আবু সাঈদ, শহিদ আব্দুল্লাহ আল তাহের, শহিদ সাজ্জাদ হোসেন, শহিদ মোসলেম উদ্দিন, শহিদ মেরাজুল ইসলাম, শহিদ মানিক মিয়ার স্বজনসহ বেরোবির আহত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। স্মরণসভা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.