নাটোরঃ নাটোরের লালপুরে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (২৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন: বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস (৪৭)।
ভুক্তভোগী বেলাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রতিদিনের মতো আমরা ৫ শিক্ষক মোটরসাইকেলে বিদ্যালয়ে আসছিলাম। পথে মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিতভাবে ওই এলাকার মানসুর রহমান ও আব্দুর রহমান ঝাটুর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে দুই শিক্ষক আহত হন।
খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান শিক্ষককে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ২১ অক্টোবর প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে হামলাকারীরা ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন করেছেন বলে দাবি করেন তারা।
এ দিকে, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকরা।
অভিযুক্ত মানসুর রহমান স্থানীয় সাংবাদিকদের বলেন, কোনো শিক্ষককে মারধর করা হয়নি। শুধু তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। তবে আব্দুর রহমান ঝাটু কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজুকে মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
