এইমাত্র পাওয়া

‘স্বাস্থ্য পুলিশ’ গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও ভালো বেতন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন, স্বাস্থ্য পুলিশ ও চিকিৎসকদের সর্বনিম্ন বেতন ৫০ হাজার করার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন হলে চিকিৎসকদের অন্যতম জাতীয় সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগর দক্ষিণের চিকিৎসক সমাবেশে এ দাবি জানান ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ছাত্র সংসদের সাবেক এই সাধারণ সম্পাদক (জিএস)।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সব জায়গায় পুলিশ আছে। শিল্প পুলিশ, মেট্রো পুলিশ, হাইওয়ে পুলিশ ইত্যাদি। চিকিৎসকদের জন্যও থাকতে হবে। এমন আইন করতে হবে যেন চিকিৎসকের গায়ে হাত দিলেই সাথে সাথে গ্রেফতার করা যায়। চিকিৎসকদের কোনো সুরক্ষা নেই। চিকিৎসকদের মারলে মানুষ খুশি হয়। অথচ, অপেক্ষাকৃতভাবে বেশি সেবা দেয় চিকিৎসকরা। অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে চিকিৎসকরাই, অন্য কেউ পারে না। তাই চিকিৎসকদের সুরক্ষায় আইন থাকতে হবে। এটির উপর জোর দিতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, চিকিৎসকরা দেশের নিবেদিত প্রাণ হয়ে মানুষের সেবা করে যাচ্ছেন। দেশের চিকিৎসা সেবায় রেফারেল সিস্টেম চালু হওয়া উচিত। এটি চালু হলে চিকিৎসকরাই উপকৃত হবেন। পেশার মানও বাড়বে। সমতা নিশ্চিত হবে।

চিকিৎসকদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, উচ্চতর শিক্ষায় প্রশিক্ষণার্থী চিকিৎসকদের যে ভাতা দেওয়া হয়, সেটি বর্তমান যুগের বিবেচনায় কম। প্রশিক্ষণার্থী চিকিৎসকদের পরিবার-পরিজন আছে, তাদেরকে চালাতে হয়। এই ভাতা দিয়ে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের চলতে কষ্ট হচ্ছে। উচ্চতর শিক্ষায় ভাতা আরও বাড়াতে হবে। এই ভাতার পরিমাণ অন্তত পক্ষে ৫০ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।

চিকিৎসকদের নীতির উপর অবিচল থাকার উপদেশ দিয়ে ডা. তাহের বলেন, মানুষ যখন জানবে এই চিকিৎসক জামায়াত করে, তখন মানুষ বুঝে নিবে এই চিকিৎসক ইথিক্যাল প্র্যাকটিস করে। কখনও অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা দেয় না। এই চিকিৎসক রোগীর কথা মনোযোগ দিয়ে শুনে। নীতি নৈতিকতার উপর অবিচল থাকে। রোগী থাক, আর না থাক নৈতিকতা বিসর্জন দেয় না।

চিকিৎসকদের সামাজিক ও সংস্কারমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের টার্গেট শুধু হাসিনার পতন নয়। ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশকে নতুন আঙ্গিকে গড়ে তোলা। নতুন এই বাংলাদেশ গড়ে তোলায় এনডিএফকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। চিকিৎসক জাতিকে নিয়েই এই কাজ করতে হবে।

এনডিএফের সহ-সভাপতি ডা. আতিয়ার রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, এনডিএফ সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, এনডিএফ সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading