নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সচিবালয়ে নজিরবিহীন হট্টগোলের পরদিন নতুন আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
তিনি জানান, লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, দিনাজপুর, রাজবাড়ী ও শরীয়তপুরের জেলা প্রশাসকদের নিয়োগ বাতিল করা হয়েছে।
উপসচিব পদের এই কর্মকর্তারা হলেন যথাক্রমে—তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সুফিয়া আক্তার রুমী (লক্ষ্মীপুর), বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের পরিচালক মো. সাইদুজ্জামান (জয়পুরহাট), বাণিজ্য মন্ত্রণালয়ের ফারহানা ইসলাম (কুষ্টিয়া), জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. মাহবুবুর রহমান (রাজশাহী), বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ মনির হোসেন হাওলাদার (সিরাজগঞ্জ), পানিসম্পদ মন্ত্রণালয়ের মো. মোবাশশেরুল ইসলাম (দিনাজপুর), আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগম (রাজবাড়ী) ও স্বাস্থ্যসেবা বিভাগের মো. আব্দুল আজিজ (শরীয়তপুর)।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়। সেই সঙ্গে এসব জেলায় নতুন ডিসি নিয়োগও দেওয়া হয়।
এর আগের দিন আরও ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের বিষয়ে গতকাল নজিরবিহীন হট্টগোল হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
