ভিসি নিয়োগে দুদিনের আল্টিমেটাম দিল চবি শিক্ষার্থীরা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য (ভিসি) নিয়োগে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে আজ রোববার বেলা ১১টায় এক মানববন্ধন থেকে এই সময় বেঁধে দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার পতনের পর আমরা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে পদত্যাগে বাধ্য করি। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম বন্ধ। ফলে শিক্ষার্থীরা সেশনজটে পড়তে যাচ্ছে। তাই আমরা এ অবস্থান কর্মসূচি পালন করছি। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আহ্বান জানাচ্ছি।’

এ সময় আগামী দুই দিনের মধ্যে সরকারকে ভিসি নিয়োগের দাবি জানান সমন্বয়ক রাসেল। নয়ত বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

রাসেল বলেন, ‘আমরা এমন একজন ভিসি চাই যিনি শিক্ষাবান্ধব, শিক্ষার্থীবান্ধব এবং গবেষক হবেন। আমরা এমন একজন ভিসি চাই, যিনি শিক্ষার্থীদের খোঁজখবর নেবেন, সুখ-দুঃখের সঙ্গী হবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে গড়ে তুলবেন।’

গত ১২ আগস্ট চবির ভিসি অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেন। একইসঙ্গে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, প্রক্টর, সহকারী প্রক্টর এবং সব হলের প্রভোস্ট।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.