এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পারিক বদলি, অধিকার নয়!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

নীতিমালা অনুযায়ী, শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পারস্পারিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। তবে পারস্পারিক বদলি অধিকার হিসেবে দাবি করতে পারবেন না শিক্ষকরা।

গত ১ আগস্ট এ নীতিমালায় চূড়ান্ত হলে রোববার (১১ আগস্ট) তা মাউশির বেসরকারি মাধ্যমিক শাখা-১ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বদলির সাধারণ শর্ত

  • শুধু সমপদে কর্মরত দুইজন শিক্ষকের লিখিত সম্মতিপত্রসহ পারস্পারিক বদলির আবেদন বিবেচনা করা হবে।
  • চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না।
  • নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে।
  • অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না।
  • চাকরিজীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। তবে মহিলা আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন।

বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া

  • বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
  • মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে।
  • প্রতি বছর ১৬ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর মধ্যে অনলাইনে পারস্পারিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে।
  • অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাইপূর্বক নিষ্পত্তি করতে হবে।
  • বদলিকৃত শিক্ষকদের ইনডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে।
  • বদলিকৃত শিক্ষকদের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জৈষ্ঠ্যতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে।

এছাড়া অন্যান্য শর্তের মধ্যে রয়েছে বদলির আবেদন অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বদলি শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন।

অবমুক্ত হওয়ার পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মাউশি মহাপরিচালককে অবগত করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.