সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল: শিক্ষক রকিব গ্রেপ্তার, সুরজিৎ কোথায়?

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের পাথরঘাটার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সুরজিৎ পাল এখনো ‘ধরাছোঁয়ার’ বাইরে। অভিযুক্ত অন্য শিক্ষক রকিব উদ্দিনকে গ্রেপ্তারের পরপরই তিনি গা ঢাকা দিয়েছেন।

গুঞ্জন উঠেছে, বর্ডার ক্রস করে ভারতে পালিয়ে গেছেন শিক্ষক সুরজিৎ পাল। পুলিশ বলছে, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রায় দেড় বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রমাগত বিভিন্নভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছিলেন অভিযুক্ত দুই শিক্ষক। সবশেষ গত ৯ জুন সকাল ১০টার দিকে টিফিন বিরতির সময় অভিযুক্ত দুই শিক্ষক কৌশলে ভুক্তভোগী ওই ছাত্রীকে ৬ তলার বাথরুমের পাশে নিয়ে যান। সেখানেই অবাঞ্ছিতভাবে ওই ছাত্রীকে স্পর্শ করে শ্লীলতাহানি করেন। তাদের এমন আচরণে ভয় পেয়ে চিৎকার দিলে ওই ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান তারা। ভুক্তভোগী ছাত্রী ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। স্কুল ছুটির পর বাসায় এসে কান্নাকাটি শুরু করে। পরবর্তী সময়ে ছাত্রীর মা কান্নার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত বলে। মঙ্গলবার (১১ জুন) সকালে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘মামলা হওয়ার পর গতকাল সন্ধ্যায় অভিযুক্ত এক শিক্ষককে আমরা গ্রেপ্তার করি। এখনো অন্যজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত আছে।’

এদিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসাথে আগের গঠিত তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন করে তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও স্কুল কর্তৃপক্ষ থেকে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা ও নতুন তদন্ত কমিটি গঠন করার বিষয়ে জানতে সেন্ট স্কলাসটিকাস্ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে কয়েকদফা চেষ্টা করে মুঠোফোন সচল পাওয়া গেলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক রকিব উদ্দিন গ্রেপ্তারের পরপরই টিভি মিডিয়ায় খবর চলে আসলে রাতে তাদেরকে সাময়িক বরখাস্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগের গঠিত তদন্ত কমিটিকে বাদ দিয়ে নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এখনো এই বিষয়গুলো অফিসিয়ালি বলা হয়নি। আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামীকাল আমাদের সঙ্গে বসবেন। আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য বলা হয়েছে।’

এ শিক্ষক আরও বলেন, ‘ভেতরে ভেতরে শুনতে পাচ্ছি সুরজিৎ পাল বর্ডার ক্রস করে পালিয়ে যাবেন। এতোক্ষণে হয়তো চলেও গেছেন। আমাদের কাছে কিন্তু এই কথার কোনো প্রমাণ নাই। আমরা ইন্টার্নালি ভেতরে ভেতরে শুনতে পাচ্ছি, সবাই বলাবলি করছে সুরজিৎ পালিয়ে যাচ্ছেন।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.