এইচএসসি পরীক্ষার দিনেও কেন্দ্রের স্কুলে পরীক্ষা শেষে ক্লাস চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার দিনেও কেন্দ্রে ক্লাস চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে সব পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছে।

এতে স্বাক্ষর করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ জুন এইচএসসি পরীক্ষা-২০২৪ শুরু হচ্ছে। যেসব কেন্দ্রে স্কুল ও কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষে এবং যেদিন পরীক্ষা নেই, সেদিন চলমান রাখার জন্য বলা হলো।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়, ‘তবে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে পাবলিক পরীক্ষায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হলো। এ বিষয়ে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো। ’

এদিকে, দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোও তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একই নির্দেশনা দেবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৩০ জুন। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেশি ৯১ হাজার ৪৪৮ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.