ঢাবির প্রশ্নপত্রে আনারের হানিট্র্যাপ, বেনজীরের দুর্নী*তি

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স মিড টার্ম পরীক্ষায় সাম্প্রতিককালের আলোড়ন সৃষ্টি করা দুটি কা- নিয়ে প্রশ্ন এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি, অপরটি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড। এ নিয়ে এখন নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা।

গত সোমবার ঢাবির সমাজবিজ্ঞান স্নাতকোত্তর (মাস্টার্স) প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের (থিউরিস অব সোশ্যাল চেঞ্জ বা সমাজ পরিবর্তন তত্ত্ব) প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রে প্রথম প্রশ্নটি করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে। এতে এনডিটিভির ‘হানিট্র্যাপে বাংলাদেশি এমপি: ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা’ শিরোনামে খবরের কিছু অংশ তুলে দিয়ে তা বিশ্লেষণ করতে বলা হয়। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যে ধারা তা কার্ল মার্কস, ফ্রয়েড, মারক্যুজ ও হার্ভের তত্ত্বের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়।

দ্বিতীয় প্রশ্নে সময় টিভির একটি সংবাদের বরাতে ‘বেনজীরের দুর্নীতি : সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশন সক্রিয় হবে কি?’ শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রশ্নগুলো কোর্সের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্কসসহ বিভিন্ন মনীষীর উক্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই এসব প্রশ্ন করা হয়েছে।

প্রসঙ্গত, কোর্সটির শিক্ষক অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ।

শিক্ষাবার্তা ডট কম/জামান/০৫/০৬/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.