এইমাত্র পাওয়া

ভর্তি ফি কমছে স্নাতক প্রথম বর্ষে

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা, যা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের থেকে পাঁচ হাজার টাকা কম। গতকাল রবিবার এক অফিস নোটিশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. শাহজাহান বলেন, ‘রিজেন্ট বোর্ডের সদস্যদের সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি ফি কমানোর পাশাপাশি আমরা চেষ্টা করছি, সেমিস্টার ফিসহ অন্য ফিগুলোও ধীরে ধীরে কমিয়ে আনতে।’ আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত ১৭৬ জন কর্মচারীর চাকরি স্থায়ী করা, স্থায়ী নীতিমালা প্রণয়ন ও বকেয়া বেতন দেওয়াসহ তিন দফা দাবিতে গতকাল সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছেন। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দেন তাঁরা।

কর্মচারীরা জানান, দৈনিক ২০০ টাকা মজুরির বিনিময়ে চার বছর ধরে তাঁরা কাজ করে আসছেন। তাঁদের চাকরি স্থায়ী করা হবে—এমন আশ্বাস বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিল। কিন্তু চাকরি স্থায়ী তো হয়নি বরং চার মাস ধরে তাঁরা বেতনও পাচ্ছেন না। এ বিষয়ে উপাচার্যের মন্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.