গবেষণায় অগ্রাধিকার দিচ্ছে খুবি

খুবিঃ শিক্ষার পাশাপাশি গবেষণায় অগ্রাধিকার দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। এসব গবেষণায় উঠে আসছে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সমস্যা ও সম্ভাবনা। চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়টি এ কাজে সাড়ে পাঁচ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে। গঠন করেছে রিসার্চ ইনডাউমেন্ট ফান্ড।

খুবি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয় চিরাচরিত টিচিং ইউনিভার্সিটি ধারণা থেকে বের হতে চায়। এ জন্য গবেষকদের গবেষণায় আগ্রহী করে তুলতে অনুদান বাড়ানো হয়েছে। ২০২১-২২ অর্থবছরে গবেষণায় বরাদ্দ ছিল দুই কোটি টাকারও বেশি। চলতি ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটি টাকা।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়টির গবেষণাকাজের মধ্যে রয়েছে চিংড়ির ভাইরাস, সুন্দরবনের টপ ডাইং রোগ, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসল ও গাছের জাত উদ্ভাবন, দেশি মাছের প্রজাতির সংরক্ষণ ও বংশবৃদ্ধি, পানির আর্সেনিকমুক্তকরণ, দূষণ প্রতিকারের উপায়সহ বেশ কিছু বিষয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে সুন্দরবনসহ প্রাকৃতিক সম্পদের ওপর গবেষণার কয়েকটি ক্ষেত্রে আমাদের গবেষকরা সাফল্যের দ্বারপ্রান্তে। কেন্দ্রীয় ও প্রত্যেক ডিসিপ্লিনের গবেষণাগারে আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। নিজস্ব গবেষণা কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়টি উপাচার্য ড. মাহমুদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন জ্ঞানের সৃজন। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টিকে একটি রিসার্চ ফোকাসড ও স্মার্ট ইউনিভার্সিটি হিসেবে গড়ার কাজ চলছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.