এইমাত্র পাওয়া

ঢাবির ৫২তম সমাবর্তন আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন আগামীকাল ৯ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সমাবর্তন বক্তা হিসেবে অংশ নিচ্ছেন নোবেল বিজয়ী জাপানি পদার্থ বিজ্ঞানী, টোকিং বিশ্ববিদ্যালয়ের কসমিক রে বিভাগের অধ্যাপক ড. তাকাকি কাজিতা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এবারের সমাবর্তনে ড. তাকাকি কাজিতাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

জানা গেছে, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সমাবর্তনে যোগদান করবেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। তাদের জন্য ঢাকা কলেজ ও ইডেন কলেজ প্রাঙ্গণে সমাবর্তন প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে।

যেসব রাস্তা বন্ধ থাকবে : সমাবর্তনের দিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এদিন শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত মেট্রোরেলের সকল কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, সমাবর্তনে অংশ নেওয়া সকল গ্র্যাজুয়েট, অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গাও ঠিক করে দেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.