নিজস্ব প্রতিবেদক।।
মানিকগঞ্জের উথলী এজিএস স্কুলের প্রধান শিক্ষক ইউছুব আলীর দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরা মেশিনের প্রকৃত দামের চেয়ে ৫ গুণ বেশি ব্যয় দেখিয়ে ভুয়া বিল-ভাউচারে মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগসহ আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
গত ২৭শে মার্চ প্রধান শিক্ষক ইউছুব আলীকে সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালাউদ্দিন সরকার। জানা গেছে, গত ১৯শে মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ ও আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির সুপারিশের আলোকে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়ম প্রমাণিত হয়।
সেইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, স্বেচ্ছাচারিতাসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৩০ জন শিক্ষার্থীর অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক মো. ইউছুব আলীকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে বরখাস্ত থাকাকালীন সময়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি তার মাসিক সরকারি মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন। এ বিষয়ে জানতে বরখাস্তকৃত প্রধান শিক্ষক ইউছুব আলীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া মোবাইলে খুদে বার্তা দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সালাহ উদ্দিন সরকার জানান, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অভিভাবকসহ বিভিন্নজনের সঙ্গে অসদাচরণের কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে এর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডটকম/জামান/৩০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
