নিজস্ব প্রতিবেদক।।
রমজান মাসের শুরুতে ঢাকার অলিগলি থেকে শুরু করে অনেক বড় রাস্তা বা সংলগ্ন ফুটপাতে বসে ইফতারির বাজার। রমজানের মাঝামাঝি এসে এ চিত্র খানিকটা বদলে যায়। বিপণিবিতান ছাড়িয়েও প্রায় সর্বত্র বসে পড়ে পোশাকের বাজার। রোজার প্রায় দুই-তৃতীয়াংশ পার হওয়ার পর এখন বাজারে, পথেঘাটে আসন্ন ঈদের আমেজ।
বড়, মাঝারি, ছোট শপিং মল আর নানা শ্রেণির সেকেলে মার্কেটের পাশাপাশি রাজধানীর ফুটপাতগুলোতে শোনা যাচ্ছে পোশাক বিক্রেতাদের হাঁকডাক। লেগে থাকছে ক্রেতাদের ভিড়। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে এ পর্যন্ত সর্বোচ্চ ভিড় দেখা গেছে ঈদ পোশাকের বাজারে।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক ও মৌচাকে গতকাল ছিল উপচে পড়া ভিড়।
পোশাক, জুতা, প্রসাধনী, গয়না, অন্দরসজ্জার সামগ্রীসহ সব ধরনের পণ্যের প্রতিই ক্রেতাদের আগ্রহ ছিল। তবে মূল ব্যস্ততা আর ভিড় ছিল পোশাকের দোকানেই। বড় বিপণিবিতানের মতো ভিড় ছিল ফুটপাত ও ভ্রাম্যমাণ দোকানগুলোতেও। এতে সন্তুষ্টি দেখা গেছে ব্যবসায়ীদের মাঝে।
তবে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি দাম হাঁকছেন বিক্রেতারা—এমন মন্তব্য করেছে ক্রেতারা।
নিউ মার্কেটে এ প্রতিবেদকের কথা হয় মারজিয়া আক্তারের সঙ্গে। দুই ছেলে, এক মেয়ে এবং স্বামীকে নিয়ে মতিঝিল থেকে এসেছেন তিনি। মারজিয়া বললেন, ভিড় এড়িয়ে স্বস্তিতে কেনাকাটা করতে সকাল ১০টায় বাসা থেকে বেরিয়েছিলেন। সাড়ে ১২টা নাগাদ মোটামুটি কেনাকাটা গুছিয়ে এনেছেন।
প্রতিবছরই নিউ মার্কেট থেকে ঈদের পোশাক-আশাক কেনেন। মারজিয়া বলেন, ‘কাপড় চিনলে আর দামাদামি করতে পারলে এখানে কাপড় কিনেই মজা। বিক্রেতারা বেশি দাম চাইলেও ঠাণ্ডা মাথায় দামাদামি করি। সময় বেশি লাগে। কথাও বেশি খরচ করতে হয়, কিন্তু অনেক টাকা বেঁচে যায়।’
মারজিয়ার এই কথা এলাকার গাউছিয়া মার্কেট, ধানমণ্ডি হকার্স মার্কেট, চাঁদনী চক মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, চন্দ্রিমা সুপারমার্কেটসহ এ ধরনের অনেক বিপণিবিতানের ক্ষেত্রেই প্রযোজ্য। সে কারণেই গড়পড়তা মধ্যবিত্তের ভিড়টা এসব জায়গায়ই বেশি।
নারীদের সেলাইহীন পোশাকের দোকান চৈতীতে গতকাল ছিল সব পণ্যে ১৫ শতাংশ ছাড়। সেখানে কথা হয় ফারজানা ইসলামের সঙ্গে। তিনি কেনাকাটা করতে এসেছিলেন আফতাবনগর থেকে। ফারজানা বললেন, ‘ঈদের অর্ধেক আনন্দ কেনাকাটাতেই। ভিড় হলেও কিনতে ভালো লাগছে।’ তবে দুটি অভিযোগও করলেন তিনি। একটি সেই ‘বেশি দাম’ নিয়েই। দ্বিতীয়টি হচ্ছে পোশাকের দোকানগুলোতে স্বস্তিতে কাপড় দেখার জন্য বসার ব্যবস্থা না থাকা নিয়ে।
শিক্ষাবার্তা ডটকম/জামান/৩০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
