এইমাত্র পাওয়া

৬ ডিসেম্বর আইডিয়ালে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার প্রথম শ্রেণির ভর্তি লটারি হবে। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে আবেদন কার্যক্রম শেষ হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে গত সোমবার যোগ্য আবেদনকারীর তালিকা প্রকাশ করা হয়। মতিঝিল, বনশ্রী ও মুগদা ব্রাঞ্চের বাংলা ও ইংলিশ ভার্সনে প্রথম শ্রেণির লটারি ৬ ও ৭ ডিসেম্বর মতিঝিল প্রধান শাখায় আয়োজন করা হবে।

অন্যদিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পরীক্ষা ১০ ও ১১ ডিসেম্বর এবং চতুর্থ-পঞ্চম শ্রেণির পরীক্ষা ১২ ডিসেম্বর। পরীক্ষা আয়োজনের তিনদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এবার মতিঝিল আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের তিনটি ব্রাঞ্চে বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সনে ২ হাজার ৯২০টি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। তার মধ্যে মতিঝিল ব্রাঞ্চে প্রভাতী ও দিবা শাখায় বালক-বালিকাসহ ৬৭০ জন, বনশ্রী ব্রাঞ্চে প্রভাতী ও দিবা শাখায় ৯৫০ জন, মুগদা ব্রাঞ্চে প্রভাতী ও দিবা শাখায় ৬৪০ জন, মতিঝিল ইংলিশ ভার্সনে প্রভাতী শাখায় ৩৩০ জন ও বনশ্রী ব্রাঞ্চে ইংলিশ ভার্সনে প্রভাতীতে ৩৩০ জনকে ভর্তি জন্য মনোনীত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ভর্তি পরীক্ষার কাজ শুরু হয়েছে। বাছাই কমিটি ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করেছে। চূড়ান্ত তালিকা সব ব্রাঞ্চে পাঠানো হয়েছে। স্বচ্ছ ও নির্ভুলভাবে নির্ধারিত সময়ে ভর্তির লটারি ও ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.