এইমাত্র পাওয়া

উচ্চতর গ্রেড পাচ্ছেন ২৮২৮ শিক্ষক, ১৩২ পদোন্নতি

বেসরকারি স্কুল-কলেজের দুই হাজার ৮২৮ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের দুই হাজার ৪৬৫ জন ও কলেজের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩৬৩ জন।

একই সঙ্গে বেসরকারি স্কুলে কর্মরত এক হাজার ৪৫৩ জন শিক্ষককে বিএড স্কেল এবং কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

মঙ্গলবার (১৯ মার্চ) মাউশি অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীদের তালিকায় বরিশাল অঞ্চলের ২৭০ জন, চট্টগ্রামের ৯৯, কুমিল্লার ৯৪, ঢাকার ৩০২, খুলনার ২৪৩, ময়মনসিংহের ৩২৯, রাজশাহীর ৩৮৮, রংপুরের ৬৭০ ও সিলেটের রয়েছেন ৭০ জন।

অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১৯, চট্টগ্রামের ১৮, কুমিল্লার ২৪, ঢাকার ৬২, খুলনার ৪৭, ময়মনসিংহের ২৫, রাজশাহীর ১০৪, রংপুরের ৪৬ ও সিলেট অঞ্চলের রয়েছেন ১৮ জন।

এদিকে, বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৯০, চট্টগ্রামের ১০৭, কুমিল্লার ১১৯, ঢাকার ২৬৩, খুলনার ৩০৬, ময়মনসিংহের ২০৮, রাজশাহীর ১৭০, রংপুরের ১২৬ এবং সিলেট অঞ্চলের ৯১ জন শিক্ষক রয়েছেন।

এছাড়া বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত ১৩২ জন শিক্ষককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ৫, চট্টগ্রামের ৯, কুমিল্লার ৭, ঢাকার ৩১, খুলনার ১১, ময়মনসিংহের ১১, রাজশাহীর ৪১, রংপুরের ১৩ এবং সিলেট অঞ্চলের ৪ জন শিক্ষক রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.