এইমাত্র পাওয়া

নতুন শিক্ষাক্রম:মূল্যায়নের ধোঁয়াশার অবসান কবে?

নিজস্ব প্রতিবেদক।।

নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি কি হবে–তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে কমিটি গঠন হলেও কাজের গতি কম। অভিভাবকেরা বলছেন, কাগজে-কলমে মূল্যায়ন না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি বুঝছেন না তারা। আর শিক্ষা গবেষকেরা বলছেন, শ্রেণিভিত্তিক মূল্যায়নের পাশাপাশি সীমিত পরিসরে পরীক্ষাও রাখা উচিত।

চলতি বছর প্রথম থেকে তৃতীয় এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু হয়। এর পরই বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়।

এরপর শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ জানুয়ারি ভুলভ্রান্তি শনাক্তে ৫ সদস্যের কমিটি গঠন করে। কিন্তু সেই কমিটির প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। এরপর গত ৫ মার্চ পাবলিক পরীক্ষাসহ মূল্যায়ন পদ্ধতি কেমন হবে–তা নিয়ে ১৪ সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটির কার্যক্রমের গতিও অনেক কম।

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) দাবি, কমিটির কার্যক্রম চলছে। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, প্রথম কমিটির তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই পেয়ে যাব। প্রতিবেদনের ভিত্তিতে সংশোধনের যে প্রক্রিয়া, সেটা চলতে থাকবে। সংশোধনের প্রক্রিয়া মার্চের শেষের দিকে শুরু হবে।

এদিকে অভিভাবকেরা বলছেন, নতুন শিক্ষাক্রমে কাগজে মূল্যায়ন না থাকায় শিক্ষার্থীরা কোনো বিষয়ে ভালো বা দুর্বল তা বোঝা যাচ্ছে না। সেই সঙ্গে অনেক শিক্ষকও মূল্যায়নের নৈপুণ্য অ্যাপস ব্যবহার করতে পারছে না।

শিক্ষা গবেষকেরা বলছেন, শিক্ষাক্রমের সাথে অভিভাবকদের সংযুক্ত করতে হয়। যদিও নতুন শিক্ষাক্রমে সে সুযোগ একদমই রাখা হয়নি। আর একেবারেই পরীক্ষা বাতিল করে দিলে তা শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে মূল্যায়ন করে নম্বর দেওয়া হচ্ছে কি না–সে বিষয়টি গুরুত্ব দিতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের কার্যক্রম বিবেচনা করে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে শিক্ষার্থীদের লেখনী শক্তি আছে কি না–সেটি প্রমাণের জন্য ব্যবস্থা করতে হবে।

গত বছরও নতুন শিক্ষাক্রম নিয়ে একটি কমিটি গঠন হয়েছিল। সেই কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/১৩/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.