পিরোজপুরঃ জেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাওয়ার পথে ওই অটোরিকশাকে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
তাতে দুর্ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে দুজন এবং পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনা নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের পিরোজপুর, খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পিরোজপুরের উপপরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের উদ্ধার করে লাশ পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
