জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের একাংশের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে নবগঠিত কমিটির দপ্তর ও প্রচার সম্পাদক তানজিম আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আলিফ মাহমুদকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের জাহিদুল ইসলাম ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৭ তম ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী আকাশ আহাম্মেদ।
এর আগে গত বুধবার (৬ মার্চ) ‘মানব কিংবা প্রকৃতি, জুলুম বন্ধ হোক সবার প্রতি’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ৩২তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী কাউন্সিল অধিবেশন শেষে বৃহস্পতিবার (৭ মার্চ) ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি করা হয়। কাউন্সিল শেষে নতুন কমিটিকে শপথ পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের একাংশের সভাপতি দীপক শীল।
কমিটিতে ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। দুটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
কমিটিতে মুক্তারুল ইসলাম অর্ক, রায়হান শরীফ প্রিন্স ও কাওছার আহমেদকে সহ-সভাপতি করা হয়েছে। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাসিব জামান, ইসহাক সরকার ও সাইফুল ইসলাম।
কমিটির কোষাধ্যক্ষ পদে কাইমুল হক,দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক পদে তানজিম আহমেদ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মাঈশা নূসরাত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সাইদুল নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসেন ও ফাতেমাতুজ্জোহরা।
জাবি ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি আলিফ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নেই। জাকসু নির্বাচন না হওয়ায় একটি ছাত্র সংগঠন এখানে অপরাজনীতির মহল গড়ে তুলেছে। আবাসন সংকট, ডাইনিংয়ের খাবারের মানহীনতা, উইকেন্ড কোর্স চালু, নিয়োগে স্বজনপ্রীতি, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস চলছে। এসব উত্তরণে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র ইউনিয়ন তার ঐতিহাসিক দায়িত্ব, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলে প্রশাসনকে কল্যাণকর প্রগতিমুখী পথে চলতে বাধ্য করবে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৮/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
