এইমাত্র পাওয়া

মেলায় দর্শনার্থীদের ছবি তুলার হিড়িক

নিজস্ব প্রতিবেদক।।

দেখতে দেখতে প্রায় শেষ সময়ে চলে এসেছে অমর একুশে বইমেলা। শুরু থেকেই মেলা প্রাঙ্গণ ছিল রাজধানীর বাসিন্দাদের পদচারণায় মুখর। দিন যত গড়িয়েছে মানুষের উপস্থিতিও বেড়েছে। এখন শেষ সময়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মেলায় আসছেন। তারপরও মেলায় অংশগ্রহকারী স্টলগুলোর কর্মীদের মুখে হাসি নেই।

কারণ একটাই, মেলায় মানুষের উপচেপড়া ভিড় থাকলেও বই কেনার লোক একেবারে হাতেগোনা। যারা আসছেন তাদের বেশিরভাগই ঘুরাফেরা করছেন, মোবাইল ফোনে ছবি তুলছেন বা আড্ডা দিয়ে সময় কাটাচ্ছেন। স্টলগুলোতে ক্রেতাদের আনাগোনা বেশ কম। অনেক স্টলের কর্মীরা ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন। এ নিয়ে প্রকাশকরা যেমন হতাশ, তেমনই লোকসানের আশঙ্কাও করছেন তারা।

বইমেলায় এক প্রকাশনীর সেলসম্যান রকি বলেন, গতবারের তুলনায় এবার একুশে ফেব্রুয়ারিতে মেলায় ভিড় কম। আশা করি সন্ধ্যার দিকে আরও ভিড় বাড়বে। মানুষ বইও কম কিনছে এবার।

বইমেলায় আসা লেখক মো. বশির আহমেদ বলেন, যুবসমাজ ও তরুণ সমাজ এখন স্মার্টফোন আর সামাজিক যোগাযোগ নিয়ে ব্যস্ত। আগের মতো বই পড়েও না কেনও না কেউ। আমরা সবাই মিলে যদি, বই পড়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে বই পড়ায় ও বই কেনায়।

মিরপুর থেকে মেলায় আসা আফিয়া আক্তার বলেন, আজ ছুটির দিন। তাই বাসায় বলে বইমেলায় এসেছি। এখন একটু ঘোরাঘুরি করছি। বাসায় যাওয়ার আগে পছন্দ মতো বই কিনে নেবো। আপাতত মেলা ঘুরে দেখতে ভালো লাগছে।

কী বই কিনবেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, কী বই কিনবে তা বাসা থেকে ঠিক করে আসিনি। কয়েকটি স্টল ঘুরে দেখবো, যে বই ভালো লাগবে কিনে নেবো। রোমান্টিক উপন্যাস কেনার ইচ্ছা আছে।

বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন যাত্রাবাড়ীর রিফাত হাসান। তিনি বলেন, আমরা বন্ধুরা মিলে মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। আজ বইমেলায় চলে এলাম। এখানে ঘুরতে ভালোই লাগছে।

কোনো বই কিনেছেন? এমন প্রশ্নে তিনি বলেন, কয়েকটি স্টল ঘুরে ঘুরে বই দেখেছি। কিন্তু কোনো বই তেমন একটা পছন্দ হয়নি। আবার বইগুলোর দামও বেশি। তাই কেনা হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.