নিজস্ব প্রতিবেদক।।
রমজান মাসের শুরুতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে পাঠদান চলবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।
অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে। উল্লেখ্য, আগামী ১২ অথবা ১৩ মার্চ থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজান মাস শুরু হতে পারে। রমজানে ক্লাস খোলা রাখার প্রতিবাদ শুরু হয়েছে সারা দেশে। এই প্রতিবাদের অংশ হিসেবে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কিছুসংখ্যক অভিভাবক। পাশাপাশি তারা পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, বছরের শুরুতে স্কুল ছুটির তালিকায় পুরো রমজান মাসকে ছুটির আওতায় রাখা হয়েছিল। বিষয়টিতে আমরা খুবই আশ্বস্ত হয়েছিলাম যে, আমাদের সন্তানরা রমজান মাসে ঠিকমতো রোজা করতে পারবে। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করে ছুটি বাতিল করে বলা হলো, রমজানে স্কুল খোলা থাকবে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন অভিভাবক মহলের ব্যানারে আয়েজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এছাড়া বাংলাদেশ শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া ভিডিও বার্তায় রমজানে মাসে ক্লাস খোলা রাখায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা পুরো রমজান মাসকে ছুটির আওতায় রাখার পক্ষে মতামত দিয়েছেন।
শিক্ষক নেতারা গতবছর শীতকালীন ও গ্রীস্মকালীন ছুটি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। শতকরা ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে ধর্মপ্রাণ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা কোন প্রতিকুলতা ছাড়া রোজার মাস ইবাদতে কাটাতে পারে সেই জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না রাখার জন্য আহবান জানান।সবদিক বিবেচনায় পুরো রমজান মাসকে ছুটির আওতায় রাখা হোক।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২২/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
