এইমাত্র পাওয়া

হর্ন না শোনায় জবি ছাত্রকে চড় মারলেন ছাত্রলীগ নেতা

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে মোটরসাইকেলের হর্ন না শোনায় এক ছাত্রকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা পরাগ হোসেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৫-১৬ (১১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহসভাপতি। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম। তিনি বিচার এবং নিরাপত্তা চেয়ে প্রকটর বরাবর অভিযোগপত্র দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী এবং অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভুক্তভোগী মিনহাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় পেছন থেকে মোটরসাইকেল থেকে হর্ন দেন শাখা ছাত্রলীগের সহসভাপতি পরাগ হোসেন। হর্ন শুনতে না পাওয়ায় তাকে ডেকে চড়-থাপ্পড় মারেন এবং গালাগাল করেন তিনি।

এরপর তিনি সবার সামনে তাকে ক্ষমা চাইতে বলেন। ভুক্তভোগী ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে তাকে আবারও চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন অভিযুক্ত পরাগ হোসেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মো. মিনহাজুল ইসলাম  বলেন, ‘আমাকে অন্যায়ভাবে চড়-থাপ্পড় মারা হয়েছে। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত পরাগ হোসেন বলেন, ‘তাকে তেমন মারা হয়নি। বিষয়টা এরকম মারামারির কিছু না। আমি বাইক নিয়ে যাওয়ার সময় হর্ন দিছি। সে হর্ন শুনেনি। তাই গাড়ি থেকে নেমে কোন ব্যাচ জিজ্ঞেস করে জাস্ট দুইটা থাপ্পর দিয়েছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.