বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলো নিলয়

নিউজ ডেস্ক।।

রাজধানীর কদমতলী দনিয়া এলাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোঃ নাজমুস সাকিব নিলয় (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতে মা নাজনীন আক্তার জানান, আমার ছেলে দনিয়া এ কে হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। বিকেল সাড়ে চারটার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। পরে কয়েকজন বন্ধু মিলে তাকে রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় বাসায় রেখে যায়।

তারা এসময় বলে- একটি ছাদ থেকে নিলয় পড়ে গিয়ে অচেতন হয়েছে। এ কথা বলে দ্রুত বাসা থেকে চলে যায়। আমি তাদেরকে চিনিও না। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জানান, আমার ছেলে ভালো অবস্থায় গেল আর ফিরল লাশ হয়ে। আমার ধারনা ওরাই আমার ছেলেকে মাইরা ফালাইছে।

তিনি আরো জানান, কুমিল্লা জেলা দাউদকান্দি থানা জিংলাতলী গ্রামের মোঃ মোবারক হোসেনের সন্তান নিলয়।

বর্তমানে, কদমতলী ধনিয়া সরাইল মসজিদ রোড এলাকার ৬৬৪/এ নম্বর বাসায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.