এইমাত্র পাওয়া

তাপমাত্রা ৮ দশমিক ৮: নীলফামারীতে দুই দিন সব স্কুল বন্ধ ঘোষণা

সুভাষ বিশ্বাস নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সোমবার সকালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারীর তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রির নিচে। ফলে এ দুই দিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।

নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে দুদিন। আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ১৮ জানুয়ারি ডিমলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর পর আজ সোমবার সকাল ৬টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এর আগে টানা শৈত্য প্রবাহের কারণে কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত শিক্ষাবার্তাকে জানান, পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। শুধু পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে শিক্ষকরা বিদ্যালয়ে অন্যান্য কাজের জন্য উপস্থিত থাকবেন।

গত ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনায় জানায়, কোনো জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেই জেলায় বিদ্যালয় বন্ধ রাখা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.