নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালুয়ের সাবেক সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কবি ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
নতুন সরকার গঠনের পর নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপন থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা হয়েছেন ড. মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
উল্লেখ্য, কামাল আবদুল নাসের চৌধুরী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ৩১ ডিসেম্বর ১৯৫৭ সালে জন্ম নেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৮ সালে স্নাতক (সম্মান), ১৯৭৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৬ সালে নৃ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউট ও ডিউক বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়, সিঙ্গাপুর সিভিল সার্ভিস কলেজ, ওয়াশিংটন ডিসি’তে অবস্থিত বিশ্বব্যাংক ইনস্টিটিউট, ইরানের তেহরানস্থ আইসেস্কো আঞ্চলিক কার্যালয় এবং অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশন রিসার্চ (এসিইআর) মেলবোর্নসহ অস্ট্রেলিয়ায় পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ লাভ করেন তিনি।
১৯৮২ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি-জীবনে তিনি মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২০০১ সালে উপ-সচিব পদে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদান করেন। অতপর ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত তিনি শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে যোগদান করে ২০০৮ সালে অতিরিক্ত সচিব এবং ২০১০ সালে সরকারের সচিব পদে পদোন্নতি পান।
তিনি ৩০ জুন ২০০৯ হতে ভারপ্রাপ্ত তথ্য সচিব ও পরবর্তীতে পূর্ণ সচিব হিসেবে ২০ অক্টোবর ২০১০ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে, ২১ অক্টোবর ২০১০ হতে ১২ ফেব্রুয়ারি ২০১৪ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং ১৩ ফেব্রুয়ারি ২০১৪ হতে অদ্যাবধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে রয়েছেন। ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে তিনি সরকারের সিনিয়র সচিব পদে পদোন্নতি পান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
