এইমাত্র পাওয়া

হালখাতা করে বন্ধুদের ধার দেওয়া টাকা তুললেন শিক্ষক

কুড়িগ্রামঃ গ্রামাঞ্চলের ব্যবসায়ীদের বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করতে দেখা যায়। তবে বন্ধু, আত্মীয়-স্বজনদে ধার দেওয়া টাকা তুলতে হালখাতার আয়োজন হয়েছে এমন নজির নেই। তবে সেই কাজটি করেছেন কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এম.এ.এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়কের অন্ধারীরঝাড় বাজারে ছামিয়ানা টাঙ্গিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে আছেন টাকা ধার দেওয়া মহাজন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। টাকা ধার নেওয়া ব্যক্তিরা এসে শিক্ষকের টাকা পরিশোধ করছেন। তাদের নাম খাতায় তালিকাও করছেন। পরে তাদের হাতে তুলে দিচ্ছেন বিরিয়ানীর প্যাকেটও।

হালখাতা খেতে আসা যোবাইদুল ইসলাম নামের বলেন, আমি গত ৬ মাস আগে আমার মেয়ের ভর্তির বিষয়ে তার কাছ থেকে ৬ হাজার ৫শ টাকা ধার নিয়েছি। পরে সমস্যার কারণে টাকা দিতে পারি নাই। নির্বাচনের আগে আমার বাসায় হালখাতার চিঠি দিয়েছেন তিনি। আজ এসে টাকা পরিশোধ করলাম। হালখাতার মাধ্যমে ধার করা টাকা আদায়ের ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম। পাওনা টাকা দিতে পেরে আমারও ভালো লাগছে।

এ বিষয়ে শিক্ষক আব্দুল আউয়াল সরকার বলেন, দীর্ঘ দিনের ধার দেয়া টাকা আমার বন্ধু-স্বজনদের কাছে লজ্জ্বায় টাকা চাইতে পারি না। তাই এক বন্ধুর দোকানে হালখাতা খেতে গিয়ে এই হালখাতার চিন্তা আমার মাথায় আসে। পরে হালখাতার আয়োজন করে টাকা তুলেছি। আমার কাছে টাকা থাকলে, কেউ চাইলে আমি না করতে পারি না, এটা আমার বড় সমস্যা।

জানা গেছে, গত ৩ বছরে ৩৯ জনকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধার দেন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। দুই সপ্তাহ আগে ধারের টাকা আদায়ে হালখাতার জন্য চিঠি দেন তাদের। এর মধ্যে প্রায় ২০ জন হালখাতার মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.