নিজস্ব প্রতিবেদক, বরিশাল :
শিক্ষক না হয়েও প্রশিক্ষণে অংশ নেওয়ায় আগৈলঝাড়ায় মালা রানী অধিকারী নামে এক নারীকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
‘শিক্ষক না হয়েও শিক্ষক প্রশিক্ষণে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া তানজিনের। তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমানকে অভিযুক্ত মালা রানী অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
গত ১৭ ডিসেম্বর থেকে উপজেলা সদরে বিএইচপি একাডেমির হলরুমে মাধ্যমিক শিক্ষকদের নতুন কারিকুলামের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়। সাত দিনব্যাপী এ প্রশিক্ষণে ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৬০ জন শিক্ষক অংশ নিচ্ছেন।
অভিযোগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর মন্টু লাল বাড়ৈ মোটা অঙ্কের ভাতার টাকা হাতিয়ে নিতে তাঁর স্ত্রী মালা রানীকে কৌশলে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে তালিকাভুক্ত করেন। এজন্য রাজিহার ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতির কাছ থেকে শিক্ষক হিসেবে মালা রানীর প্রত্যয়নপত্র সংগ্রহ করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, অভিযুক্ত মালা রানী অধিকারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইউএনও ফারিয়া তানজিনের নির্দেশে তাঁকে প্রশিক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
