সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে জয়ী করতে আমরা সর্বতোভাবে চেষ্টা করবো। কোনোভাবে নির্বাচনকে বানচালের দুঃসাহস কেউ দেখালে তাদের দাঁতভাঙা জবাব দেবো।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য।
উপাচার্য বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের শাসনকাল ধরেই বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। তবে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে পরিকল্পিতভাবে তারা দেশের নামকরা বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৯৭১ সালে যারা দেশের শত্রু ছিল, তারা আজও দেশের শত্রু। এসব স্বাধীনতাবিরোধী শক্তি যখনই দেশে ক্ষমতায় আসীন হয়েছে তখনই তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য শর্টকাট কোনো পথ নেই। এজন্য আমাদের সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ। এ সময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানরা, হল প্রভোস্ট, প্রক্টর, দপ্তরপ্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
