ঢাকাঃ রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। বেশি সওয়াব লাভের আশায় প্রতি বছরই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের মুসলমানরা। এ ছাড়া রোজার পরই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।
দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) বরাত দিয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আর মাত্র ৯০ দিন পর আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরু হবে।
আইএসিএডির ওয়েবসাইটে বলা হয়েছে, হিজরি ক্যালেন্ডার অনুসারে দেশটিতে ২০২৪ সালের ১২ মার্চ থেকে রমজান শুরু হবে। এ মাসটি শুরু হওয়ার প্রকৃত তারিখ অন্য সব মাসের মতো চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে জ্যোতির্বিজ্ঞানীরা গণনা করে সম্ভাব্য সঠিক তারিখের পূর্বাভাস দিয়ে থাকেন।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে দেশটির তাপমাত্রা শীতল থাকবে। আর রমজানের ছুটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।
এদিকে ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে। এবারের রমজান মাসের প্রথম দিনে ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন আমিরাতের মুসলমানরা। আর মাস শেষে রোজার সময় বেড়ে প্রায় ১৪ ঘণ্টা হবে। গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত।
আইএসিএডি ক্যালেন্ডার অনুসারে, এবার পবিত্র রমজান মাস ২৯ দিনের হবে বলে আশা করা হচ্ছে। রোজা শেষ হবে ৯ এপ্রিল, মঙ্গলবার। আর রোজা শেষে পালন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
অন্যদিকে, ঈদ উপলক্ষে এবার ৬ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশটির মানুষ। ইতিমধ্যেই রমজান মাসের ২৯ তারিখ থেকে শাওয়াল মাসের তিন-তারিখ পর্যন্ত ঈদের সরকারি ছুটি ঘোষণা করেছে আমিরাত সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
