নিউজ ডেস্ক।।
বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক পুলিশের তিন সদস্যকে পুরস্কার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শুক্রবার (৮ ডিসেম্বর) ট্রাফিক পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রতিদিনের মতো গত ২০ নভেম্বর ট্রাফিক পুলিশের শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমান ইউবিএল ক্রসিং এলাকায় দায়িত্ব পালন করছিলেন। ইউবিএল ক্রসিংয়ে সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয়। সার্জেন্ট জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মজিবর রহমান দ্রুততম সময়ে আশপাশের তিন-চারজনের সহযোগিতায় দোকান থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ডিএমপি কমিশনার ওই তিন পুলিশ সদস্যের সাহসিকতার প্রশংসা করেছেন এবং ট্রাফিক রমনা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
পুরস্কার দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক রমনা বিভাগের উপ-কমিশনার মো. জয়নুল আবেদীন ও সহকারী কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
