সন্ধ্যার পর ইবির হলে উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে সন্ধ্যার পর উচ্চ শব্দে গান-বাজনায় নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিষেধাজ্ঞা অমান্য করলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল (শনিবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে গত ৫ ডিসেম্বর আবাসিক হলে রাতে উচ্চ শব্দে গান বাজানো বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন আবাসিক শিক্ষার্থীরা। নিয়মিত গান-বাজনা তথা উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে বলে আবেদনে উল্লেখ করেন তারা। একইসঙ্গে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়।

পরদিন ৬ ডিসেম্বর জরুরি সভা ডাকে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদত হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এ সময় আট হলের প্রভোস্টরাও এতে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ জানান, উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের বিষয়ে কিছু শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিলে পরের দিনই এ বিষয়ে জরুরি সভা হয়। সেখানে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপরও যদি কেউ এটি অমান্য করে তাহলে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.