এইমাত্র পাওয়া

আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’

ঢাকাঃ  বেসরকারি টেলিভিশন দুরন্ত টিভিতে আসছে স্কুলভিত্তিক কুইজ শো ‘সবজান্তা’। সারা দেশ থেকে বাছাই করা ৬৪টি স্কুল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতি পর্বে ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির ৪ জন শিক্ষার্থীর দুইটি দল নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা করবে। ১ম ধাপ, ২য় ধাপ, ৩য় ধাপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ৩য় স্থান বিজয়ের লড়াই এবং গ্র্যান্ড ফিনালে মিলে মোট ৬৫ পর্বে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম রয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে।

জানা বা জ্ঞানার্জন কোন ভয়ের বিষয় নয়, বরং সেটা যে আনন্দের-এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে। কুইজে স্কুলের পড়ার বইয়ের প্রশ্ন আর সাধারণ জ্ঞানের পাশাপাশি উঠে এসেছে মজার ধাঁধা, শব্দজট এবং বুদ্ধিদীপ্ত বিভিন্ন প্রশ্ন।

‘সবজান্তা’ অনুষ্ঠানের প্রতি পর্বে ৫টি রাউন্ড। ‘গোলকধাঁধা-যেখানে থাকবে বিভিন্ন মজার মজার ধাঁধা। পড়ার বইয়ের প্রশ্ন থাকবে ‘বইপোকা’ রাউন্ডে। ‘খেয়ালখুশি’ রাউন্ডে রয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন; ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সংস্কৃতি ইত্যাদি বিষয় বেছে নিয়ে উত্তর দেওয়ার সুযোগ রয়েছে এই রাউন্ডে।

বিভিন্ন শব্দজট, বুদ্ধিদীপ্ত প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে ‘মগজধোলাই’ রাউন্ডটি। ‘বুদ্ধির বাতি’ হলো সাধারণ জ্ঞান বিষয়ক বাজার রাউন্ড। এ ছাড়া থাকবে দ্রুত প্রশ্ন-উত্তরের রাউন্ড ‘চটজলদি’।

প্রশ্ন, ধাঁধা আর বুদ্ধির এই মজার লড়াইয়ে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান বিজয়ী দলকে দেওয়া হবে ১ বছরের শিক্ষাবৃত্তি। এ ছাড়া পুরস্কার হিসেবে সকল দলের সদস্যরা পাবে দুরন্ত স্মারক, সার্টিফিকেট এবং বই।

‘সবজান্তা’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। অনুষ্ঠানটি সম্প্রচারে আসবে আগামী ০৩ ডিসেম্বর, ২০২৩, রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ও রাত ৮টা ৩০ মিনিটে, শুধুমাত্র দুরন্ত টিভিতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.