এইমাত্র পাওয়া

কে হবেন ঢাবির পরবর্তী উপ-উপাচার্য?

 নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে ৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। উপাচার্য হিসেবে যোগদানের পর তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে আলোচনার যেন শেষ নেই। এ পদ পেতে ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায়ে তদবির শুরু করে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদের জন্য তিন জন অধ্যাপকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে গেলেও প্রধানমন্ত্রী সেটা গ্রহণ না করে ফিরিয়ে দেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আদেশ অনুযায়ী, দায়িত্ব বণ্টনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও উপ-উপাচার্য (প্রশাসন) দুই ভাগে বিভক্ত। উপ-উপাচার্য (শিক্ষা) বিভিন্ন দায়িত্বের পাশাপাশি শিক্ষক নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্বে থাকেন। উপ-উপাচার্য (প্রশাসন) বিভিন্ন দায়িত্বের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন।

বর্তমানে উপ-উপাচার্য (প্রশাসন) দায়িত্বে আছেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। গত বছরের ১২ এপ্রিল দ্বিতীয় মেয়াদে ৪ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। সে হিসাবে তিনি এখনো প্রায় আড়াই বছর দায়িত্ব পালন করতে পারবেন। কিন্তু উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাকসুদ কামাল উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তার পদটি শূন্য হয়ে যায়। এ পদে তার স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়েই চলছে আলোচনা।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি যদি কাউকে উপ-উপাচার্য পদে উপযুক্ত মনে করেন, তাহলে তাকে নির্দিষ্ট একটি মেয়াদের জন্য নিয়োগ দিতে পারেন এবং যেকোনো সময় এ নিয়োগ বাতিলও করতে পারেন। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদে রাষ্ট্রপতি চার বছরের জন্য নিয়োগ দিয়ে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সিনেট থেকে তিন জনের নাম প্রস্তাবিত হলেও উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রে এমনটা হয় না। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে এক বা একাধিক নাম প্রস্তাব করা হয়। তখন প্রধানমন্ত্রী কাউকে পছন্দ করলে রাষ্ট্রপতির কাছে ফাইল চলে যায়। রাষ্ট্রপতি তা অনুমোদন করে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন আকারে মনোনীত ব্যক্তিকে নিয়োগ প্রদান করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.