এইমাত্র পাওয়া

মূল্যায়ন পরীক্ষায় ফি আদায়!

নড়াইলঃ জেলার কালিয়ায় পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর মধুমতি আদর্শ বিদ্যালয়ে চলতি বছরের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন পরীক্ষায় ৪০০ টাকা ফি নেওয়ার অভিযোগ উঠেছে।

এই পরীক্ষায় ফি নেওয়ার সরকারি কোনো নির্দেশনা না থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পান্নার বিরুদ্ধে ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে জানা যায়, সরসপুর মধুমতি আদর্শ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ৭১ জন ও ৭ম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

৭ম শ্রেণিতে বাৎসরিক ২হাজার ৫০০ টাকা ও ৬ষ্ঠ শ্রেণিতে ২হাজার ৪৪০ টাকা নেওয়া হয়, তন্মধ্যে মাসিক বেতন যথাক্রমে ৬০ ও ৫৫টাকা, সেশন চার্জ ৭০০ টাকা, অর্ধবার্ষিকী পরীক্ষার ফি ৪০০টাকা, স্কুল নীতিমালা ফি ১০০ টাকাও, মূল্যায়ন পরীক্ষার ফি ৪০০ টাকা বলে জানান স্কুলের সহকারী শিক্ষক মিলটন শরীফ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক জানান, দ্রব্যমূল্যেও উর্ধ্বগতির পাশাপাশি স্কুলে যেভাবে টাকা নেওয়া শুরু করেছে। এতে না খেয়ে মরার উপক্রম হয়েছে। এ অবস্থায় ছেলে-মেয়েদের পড়াশোনা হয়তো বন্ধ করে দিতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান পান্না ও সহকারী শিক্ষক মিলটন শরীফ বলেন, মূল্যায়ন পরীক্ষায় ফি নেওয়া যাবে না এমন নির্দেশনা আমরা পায়নি। তবে অতিরিক্ত টাকা না নেওয়ার নির্দেশনা তারা পেয়েছেন। মূল্যায়ন পরীক্ষায় আনুষঙ্গিক কিছু খরচ থাকায় এই টাকা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন মোস্তাক আলী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যদি এটা অনিয়মতান্ত্রিক হয়ে থাকে, তাহলে সব টাকা ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.