ফকিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন

নিউজ ডেস্ক।।

আজ ২৩ নভেম্বর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে স্থাপিত ‘সততা স্টোর’ পরিদর্শনে আসেন দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান। এসময় তার সঙ্গে পরিদর্শন কার্যক্রমে যুক্ত হন ফকিরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব শেখ আব্দুস ছালাম ও সাধারন সম্পাদক জনাব খান আল মুস্তাসীম বিল্লাহ সজল।

শিক্ষার্থীদের মধ্যে সততার ব্যবহারিক চর্চার বিকাশ ঘটাতে দুর্নীতি দমন কমিশন ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে সততা স্টোর গঠনের উদ্যোগ নেয়। ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সততা ষ্টোর নিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়, শিক্ষার্থীরা ষ্টোর থেকে জিনিস ক্রয়ের অভিজ্ঞতা লাভের জন্য লাইন করে ষ্টোরে প্রবেশ করেন। সততা স্টোরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের টিফিন-কেক, বিস্কুট চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। যেখানে নেই কোনো দোকানি, নেই নজরদারি ক্যামেরা। জিনিসপত্রের গায়ে দাম লেখা রয়েছে। সেই দাম অনুযায়ী খাতা-কলম বা অন্য কোনো শিক্ষাসামগ্রী নিয়ে নির্ধারিত বাক্সে শিক্ষার্থীরা টাকা রাখছেন। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।

ফকিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত সততা স্টোর পরিদর্শন শেষে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয় বাগেরহাটের সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান বলেন, মূলত শিক্ষার্থীদের মাঝে সততা চর্চার উদ্দেশ্যেই দুর্নীতি দমন কমিশনের সততা স্টোর গঠনের উদ্যোগ। এটিকে সততার ব্যবহারিক শ্রেণিকক্ষ বলা যেতে পারে যার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে শিক্ষার্থীরা আগামীতে সক্রিয় ভূমিকা পালন করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.