এইমাত্র পাওয়া

৭২ আসনে নৌকার প্রার্থী চুড়ান্ত: বাদ পড়েছেন বেশ কয়েকন এমপি

আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ  রাজশাহী ও রংপুর বিভাগের ৭২টি আসনে দলীয় মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রংপুরে ৩৩টি ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হলে একসঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১ জন শীর্ষস্থানীয় নেতা।

আগামীকাল আবার বৈঠক বসবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আজকের মতো সভা মুলতবি হয়েছে। আগামী ২৫ তারিখের মধ্যে সমস্ত মনোনয়ন চূড়ান্ত হবে বলে আশা করছি।’

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ বাদ পড়েছেন কি না—এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সংসদের মধ্যে কজন বাদ পড়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে কিছু কিছু বাদ পড়েছেন। জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা গুরুত্ব দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে এমন অনেক দলও আসতে পারে, যেটা আমিও ভাবছি না, আপনিও ভাবছেন না।’

বৈঠক সূত্র নিশ্চিত করেছে, একাদশ সংসদের যে সব সাংসদেরা নির্বাচিত হবার পরে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, নির্বাচনী এলাকায় যাদের দেখা যায়নি, এমনকি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন তাঁদের মনোনয়ন দেওয়া হয়নি। তাছাড়া রাজনীতির বাইরে কেউ মনোনয়ন পাননি। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও আমলারা নৌকার প্রার্থী  হয়ে সাংসদ হয়েছিলেন। তবে এবার এই দুই বিভাগ থেকে কোন অরাজনৈতিক আমলা-ব্যবসায়ীকে মনোনয়ন দেওয়া হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.