রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ে ঢুকে মো. কামাল উদ্দিন বিল্লাল নামে এক সহকারী শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফারুক হোসেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ১১টায় উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়নের মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের মাথা ফেটে যাওয়ায় অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেছেন।
আহত শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল মাছিমপুর গ্রামের তৈয়ারী বাড়ির মৃত ফজলুল হকের ছেলে ও বিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন একই গ্রামের আইচের বাড়ির মৃত মোহাম্মদ উল্লাহ’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লাল প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে আসেন।
এরপরই সকাল ১১টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফারুক হোসেন অফিস কক্ষে প্রবেশ করেই প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের সামনেই সহকারী শিক্ষক কামাল উদ্দিন বিল্লালের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে সভাপতি ফারুক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শিক্ষক মো. কামাল উদ্দিন বিল্লাল জানান, সভাপতি ফারুকের সঙ্গে আমার কোনো বিরোধ বা ঝামেলা ছিল না। কেন আমার ওপর এমন নির্মমভাবে হামলা করলো তা মাথায় আসছে না। আমি সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করছি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম ফারুক হোসেন জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এজন্য আমি অনুতপ্ত। আমি তো মানুষ, ফেরেশতা নই। ভুল হতেই পারে।
ঘটনার পর পরই বিষয়টি সমাধানের জন্য শিক্ষক বিল্লালের বাড়িতে গিয়েছি। কিন্তু কাউকে পাইনি। প্লিজ পারলে আপনি সমাধান করে দিন। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে লেখালেখির দরকার নেই।
প্রধান শিক্ষক মৌসুমী আক্তার জানান, কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে গেল।
পরে আমিসহ অন্য শিক্ষকরা মিলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। তবে শিক্ষকের ওপর হামলা দুঃখজনক। রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম শেখ ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জানান, ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকের বিরুদ্ধে বিধিমোতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে আমরা সকল কর্মকর্তাবৃন্দ হাসপাতালে গিয়েছি। শিক্ষকের ওপর হামলার ঘটনায় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, শিক্ষকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পেলে ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
