বাড়ল আটা-ময়দার দাম

ঢাকাঃ দেশের আটা-ময়দার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। প্যাকেটজাত আটা দুই কেজিতে ২০ টাকা বেড়ে ১৩০ টাকা এবং খোলা আটা কেজিতে পাঁচ টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর গত এক মাসে প্যাকেটজাত ময়দার দাম কেজিতে বেড়েছে ৫ টাকা।

আমদানিকারক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নে আমদানি ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে আটা ও চিনির দামে। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মাছ, মুরগি, ডিম ও সবজির দাম কিছুটা কমেছে। কমে যাওয়ার পর এসব পণ্য এখন যে দামে বিক্রি করা হচ্ছে, সেটিও স্বল্প আয়ের ক্রেতার নাগালের বাইরে।

গত এক মাসে কয়েক দফায় বেড়েছে আটা ও ময়দার দাম। বাজারে এখন দুই কেজির আটার প্যাকেট বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। এক মাস আগে এই দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা। ফলে প্রতি কেজি আটার দাম বেড়েছে ১০ টাকা। গত এক সপ্তাহেই প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজিতে ৫ টাকা।

প্যাকেটজাত আটার পাশাপাশি বেড়েছে খোলা আটার দামও। বিক্রেতারা বলছেন, মাসখানেক আগে পাইকারি বাজারে ৫০ কেজির এক বস্তা আটার দাম ছিল ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার টাকা। এখন প্রতি বস্তা আটা বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকায়। তাতে প্রতি কেজি খোলা আটার দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা।

এদিকে গত এক মাসে প্যাকেটজাত ময়দার দাম কেজিতে বেড়েছে ৫ টাকা। দুই কেজি ওজনের প্যাকেটজাত ময়দা এখন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এক মাস আগে দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। খোলা ময়দার ৫০ কেজির বস্তা এক মাস আগে ৩ হাজার ৪৫০ টাকায় পাওয়া যেত। এখন তা বেড়ে হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

টি কে গ্রুপের পরিচালক মো. শফিউল আতহার বলেন, ডলারের মূল্যবৃদ্ধির ফলে গম আমদানিতে খরচ বেড়েছে। ফলে বাজারে আটা-ময়দার দামের সমন্বয় হচ্ছে। মাঝখানে বাজারে অনেকটা কমেছিল আটা-ময়দার দাম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.