এইমাত্র পাওয়া

প্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশু নিহত: ডব্লিউএইচও

ঢাকাঃ ৩৫তম দিনে পা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। আর এই চলমান যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করে তিনি বলেন, “গাজায় এখন কোনো জায়গাই নিরাপদ নয় এবং কেউই নিরাপদে নেই। এমনকি গাজার স্বাস্থ্য ব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে।“

তিনি আরও বলেন, “গাজার ৩৬ টি হাসপাতালের অর্ধেক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশই এখন বন্ধ। এছাড়া এখনও যেসব হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সক্রিয় রয়েছে, সেগুলোর পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে।“

স্বাস্থ্য পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে নিরাপত্তা পরিষদকে টেড্রোস আরও বলেন, “গাজার হাসপাতালের করিডোর পর্যন্ত আহত, অসুস্থ, মৃত ব্যক্তিদের ভিড়ে ভরে গেছে। মর্গ উপচে পড়ছে। চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে।“

গত ৭ অক্টোবর থেকেই অবরুদ্ধ ভূখণ্ড গাজায় অব্যাহত বিমান হামলা ও নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতাল, মসজিদ, স্কুলসহ সব জায়গায় তীব্র হামলা চালাচ্ছে দখলদার বাহিনীটি।

ইসরায়েলি বর্বর হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.