নিজস্ব প্রতিবেদক।।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে দাম কমল মোবাইল ইন্টারনেটের।মোবাইল ফোন অপারেটররা এখন থেকে ৩ দিনের ডেটা প্যাকেজের দাম ৭ দিনের মধ্যে রাখবে। ফলে আগের চেয়ে কম দামে মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোবাইল অপারেটরদের আজ শুক্রবার দিবাগত রাত ১২টার মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন। সেই হিসেবে অপারেটররা এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। আজ মধ্য রাতেই নতুন দাম কার্যকর হবে। কোনো কোনো অপারেটর এরই মধ্যে নতুন দাম কার্যকর করেছে বলে জানা গেছে। যদিও রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক গত ৮ নভেম্বরেই মোবাইল ইন্টারনেটের দাম কমিয়ে নতুন দাম কার্যকর করেছে।
মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন এমটব মোবাইল ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে আজ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘গত ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলি অনুযায়ী নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্রোডাক্ট পোর্টফোলিও আপডেট করে। ‘দুর্ভাগ্যবশত’ এর মাত্র ১৫ দিন পরে আবারও প্রোডাক্ট পোর্টফলিও পরিবর্তন করতে নতুন নির্দেশনাবলি দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা ইতোমধ্যে এই জটিল পোর্টফোলিও পরিবর্তন করেছি।’
জানা গেছে, টেলিটক মোবাইল ইন্টারনেটের দাম কমালেও গ্রামীণফোন, রবি ও বাংলালিংক গত বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠি দিয়ে মোবাইল ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে তাদের অপারগতার বিষয়টি জানায়। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বিষয়টি জানতে পেরে বিটিআরসির চেয়ারম্যানকে মোবাইল ইন্টারনেটের দাম না কমালে অপারেটরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, ‘৮ নভেম্বরের মধ্যে টেলিটক এবং ১০ নভেম্বরের মধ্যে অন্যসব অপারেটরকে বৈঠকের নির্দেশনা প্রতিপালন করতে হবে। আশা করি, অপারেটরদের বোধোদয় হবে। তারা ৯৫টি প্যাকেজকে ৪০টিতে নামিয়ে আনার ক্ষেত্রে ইন্টারনেটের দাম বাড়াবে না। তখন ইন্টারনেটের দাম কমাবে। গত ১৫ অক্টোবর থেকে গ্রাহকের স্বার্থবিবেচনা করে তিন দিন ও ১৫ দিন মেয়াদের ডাটা প্যাকেজ বাতিল করা হয়। বর্তমানে ৭ ও ৩০ দিন এবং আনলিমিটেড প্যাকেজ কিনতে পারছেন গ্রাহকরা। ’
গত রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির প্রধান কার্যালয়ে দেশের মোবাইল অপারেটরগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে করেন মোস্তাফা জব্বার। তিনি অভিযোগ করেন, ‘তিন দিন মেয়াদের ডাটা প্যাকেজ না থাকায় সাত দিন মেয়াদের ডাটা প্যাকেজ ও অন্যান্য প্যাকের দাম বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটররা। নির্বাচনের আগে মোবাইল ফোন অপারেটরগুলোর ইন্টারনেটের দাম বাড়ানোকে ভালো চোখে দেখছে না সরকার। ’ ওই বৈঠকেই তিনি অপারেটরদের মোবাইল ইন্টারনেটের দাম কমানোর নির্দেশ দেন। পরে বিটিআরসি থেকে অপারেটরগুলোকে চিঠি দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
