এইমাত্র পাওয়া

পরীক্ষায় জালিয়াতি: এমপি বুবলী এবার আ.লীগ থেকে বহিষ্কার

বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে এবার আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগানবাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এর আগে তাকে নরসিংদী সরকারি কলেজ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

তামান্না নুসরাত বুবলী সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদীর সাবেক পৌর মেয়র লোকমান হোসেনের স্ত্রী। তিনি একাদশ জাতীয় নির্বাচনে মহিলা সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী বুবলী এইচএসসি পাস। উচ্চ শিক্ষার সার্টিফিকেট লাভের আশায় তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩ বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস (বিএ) প্রোগ্রামে ভর্তি হন। এ পর্যন্ত চারটি সেমিস্টারের ১৩টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ রয়েছে- ১৩টি পরীক্ষার একটিতেও স্ব-শরীরে তিনি অংশ নেননি। তার পক্ষে একেক সময় একেক জন অংশ নিয়েছে। আর এমপির প্রক্সি পরীক্ষার্থীকে সুবিধা দিতে পরীক্ষার কেন্দ্রসহ হল পাহারায় থাকতেন এমপির লোকজন। তাই ভয়ে ছাত্র-শিক্ষক কেউই মুখ খুলতে পারেননি। তবে এক এক করে আটজন ছাত্রী এমপির হয়ে পরীক্ষা দেওয়ার পর বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’তে একটি প্রতিবেদন প্রচার হয়।

ওই প্রতিবেদনের পর বুবলীর সব পরীক্ষা বাতিল করা হয় এবং বাকি পরীক্ষা থেকেও বহিষ্কার করা হয়। একই সঙ্গে জালিয়াতির বিষয়টি অনুসন্ধানে কলেজের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এছাড়াও একই ঘটনায় তামান্না নুসরাত বুবলীর সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রশাসন। শুধু তাই নয়, বাউবিও তার বিরুদ্ধে তদন্তের জন্য আরেকটি কমিটি গঠন করে। সর্বশেষ আজ শুক্রবার তাকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.