জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্যে বন্ধ হয়ে যাওয়ায় থেমে আছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র পাঠদান কার্যক্রম। সংগঠনটি ক্যাম্পাসের আশেপাশে অবস্থানরত অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে থাকে। এটি সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা নামেও পরিচিত।
চলমান আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করার পাশাপাশি হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়৷ যার ফলে বাধ্য হয়েই শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগ করতে হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠনটির পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছে সুবিধাবঞ্চিত, অসহায় ও পথ শিশুরা।
সংগঠনটির সভাপতি মো. জাকিউল ইসলাম এডুকেশন বাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ হওয়ার পাশাপাশি হল ভ্যাকেন্ট করে দেওয়ায় সংগঠনের সদস্যরা বাড়িতে চলে গেছেন। তাই তরীর সকল প্রকার কাজ বন্ধ রাখতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলা হলে আমরা আবার নতুন করে আমাদের কার্যক্রম চালু করব।
জাকিউল আরো বলেন, শিশুগুলোকে অনেক মনে পড়ছে। বছরের শেষে অনেকেরই পরীক্ষা সামনে। এই অনাকাঙ্খিত বন্ধ তাদের পড়াশুনার উপরও প্রভাব পড়ছে। আমরা চাই ক্যাম্পাসের হল খোলাসহ শিক্ষাকার্যক্রম দ্রুত স্বাভাবিক হয়ে যাক।
প্রসঙ্গত, তরী একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী শিক্ষামূলক সংগঠন। এ সংগঠনটি ক্যাম্পাসের আশেপাশের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করে থাকে। ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’স্লোগানে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। খুবই সাফল্যের সাথে এটি এক দশক পার করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগেই এটি পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনের অংশে খোলা আকাশের নিচে প্রতি শনি, সোম ও বুধবার তরীর পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে এতে প্রায় শতাধিক শিক্ষার্থী রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল