ঢাকাঃ বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। এ সংক্রান্ত বিদ্যমান আইন সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।
সরকারদলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে। ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এ ধারা সংশোধনী এনে ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ছাড়া চেইন টেনে সুবিধাজনক স্থানে ট্রেন থামালে অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ২০২০ সালের জানুয়ারি হতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ রেলওয়েতে ১৪৩টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। রেলপথে লেভেল ক্রসিং গেটে অবৈধভাবে সড়কযানের অনুপ্রবেশের কারণে ২৬ জন এবং অন্যান্য দুর্ঘটনায় ১ জনের প্রাণহানি ঘটেছে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১৮ জনের প্রাণহানি হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
