রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আদর্শ প্রতিষ্ঠান হবে বাউবি: শিক্ষা উপমন্ত্রী

ঢাকাঃ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিদেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধারা আমাদের অর্থনীতিকে গতিশীল রেখেছেন। তাদেরকে সুদক্ষ, সময়োপযোগী করে গড়ে তোলার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) আরও সৃজনশীল প্রোগাম চালু ও নতুন শর্ট কোর্স ডিজাইন করবে বলে আশা করি। রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বাউবি হবে নির্ভরতা ও ভরসার একটি আদর্শ প্রতিষ্ঠান।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবে প্রবেশ করতে যাচ্ছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে চতুর্থ শিল্পবিপ্লবের ছাপ থাকা আবশ্যকীয় হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রোগ্রামগুলোতে সর্বোচ্চ ডিগ্রি বা বিলাসী প্রোগাম নয় বরং জীবনমুখী, কর্মমুখী, কারিগরি প্রোগাম নিয়ে ডিজাইন করা উচিত বলে মনে করি। একটি সুনির্দিষ্ট টার্গেট নিয়ে তাদের এগিয়ে যাওয়া দরকার। বিদেশে অবস্থানরত স্বল্প শিক্ষিত বাঙালি শ্রমিকরা আরও দক্ষ ও শিক্ষিত হবেন কীভাবে সে ব্যাপারে গভীরভাবে ভাবার সময় এসেছে। কারণ, তারা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। অর্থনীতিকে গতিশীল রেখেছে তারা। বাস্তব কাজের জ্ঞান, দক্ষতা ও সনদের অভাবে সামনের দিনগুলোতে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা ভীষণ চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আমি চাই তাদেরকে বাউবি সুদক্ষ, সময়োপযোগী করে গড়ে তোলার জন্য আরও সৃজনশীল প্রোগাম চালু ও নতুন নতুন শর্ট কোর্স ডিজাইন করবে। তাদের জন্য বাউবি হবে নির্ভরতা ও ভরসার একটি আদর্শ প্রতিষ্ঠান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার ৩০ বছর হয়তো খুব বেশি সময় নয়। তবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিক্ষার ধ্যানধারণা ও প্রয়োগগত চাহিদা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণের জন্য বিশ্ববিদ্যালয়কে নতুন ভিশন ও মিশন গ্রহণ ও বাস্তবায়ন করা ছাড়া টিকে থাকার ক্ষেত্রে বড় ধরণের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। অনলাইন পদ্ধতিকে আরও কীভাবে সবার জন্য সহজ ও সুলভ করার মাধ্যমে শিক্ষার্থীদের উন্মুক্ত শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা যাবে সেটিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.